দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে তার মুক্তির পথ খুলে যায়।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ২০০৮ সালের একটি প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
ওই রায়ের পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হলে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করেন তিনি। উচ্চ আদালতের জামিন আদেশের পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার কারামুক্ত হলেন বিদিশা সিদ্দিক।
এমএম/